রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকালে জেলার তানোর ও মোহনপুরের এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে তানোর উপজেলার দুবইল এলাকায় সার বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রলি চাকায় পিষ্ট হয়ে উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত বদিউজ্জামানের স্ত্রী রহিমা বেওয়া (৮০) মারা যান। ঘটনার পর ট্রলি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
অন্যদিকে সকাল নয়টার দিকে মোহনপুরের কেশরহাট রায়হান কোল্ড স্টোরেজের সামনে মাইক্রোবাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে বাইসাইকেল আরোহী উপজেলার কেশরহাট পৌরসভার শিহালয় গ্রামের লালু শেখের ছেলে আকবর আলী (৪৮) নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/জেডএইচ