দুই দেশ সম্পর্ক উন্নয়নে সম্মত হওয়ার পর ঐতিহাসিক শত্রু দেশ তুরস্ক ও আর্মেনিয়ার নেতারা প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৬ অক্টোবর) ইউরোপ জুড়ে নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে একটি 'ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়' চালু করতে ৪৪টি দেশের নেতাদের নিয়ে প্রাগে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান দেখা করেছেন।
তুরস্ক এবং আর্মেনিয়ার মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। কয়েক দশকের তিক্ততাকে পিছনে ফেলে এবং তাদের যৌথ সীমান্ত পুনরায় চালু করার জন্য আলোচনা শুরু করতে গত বছর সম্মত হয়েছিল এই দুই দেশ। এরপর থেকে দুই দেশের নিযুক্ত বিশেষ দূত চার দফা আলোচনা করেছেন।
তাদের আলোচনার ফলে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল এবং আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের মধ্যে চার্টার ফ্লাইট পুনরায় চালু করার চুক্তি হয়েছে।