বিশ্বকাপের আগমুহূর্তে জিম্বাবুয়ের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাড়ালেন ল্যান্স ক্লুজনার। আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রায় দুই সপ্তাহ আগে দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডার।
ক্লুজনারের দায়িত্ব ছাড়ার বিষয়টি শুক্রবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। বিবৃতিতে বলা হয়, 'দুঃখজনকভাবে অন্য কোথায় তার কাজের সুযোগ আসায় তিনি আর আমাদের সঙ্গে পূর্ণকালীন সময় কাজ করতে পারছেন না। উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে তার সঙ্গে করা চুক্তি সমাপ্ত করা হয়েছে। তার নতুন দায়িত্বের জন্য শুভ কামনা জানাচ্ছি আমরা।’
বিশ্বকাপের আগমুহূর্তে ক্লুজনারের সরে দাঁড়ানো জিম্বাবুয়ে দলকে কিছুটা বিপাকে ফেললেও ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেন তিনি। জিম্বাবুয়ে ক্রিকেট ক্লুজনারকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে আরও বলে, ‘আমরা ল্যান্স ক্লুজনারের প্রতি কৃতজ্ঞ। তার সময়ে তিনি জিম্বাবুয়ে ক্রিকেটে যেসকল অবদান রেখেছেন তার জন্য। বিশেষ করে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করা। যেটা অস্ট্রেলিয়ায় অল্প কিছু দিনের মধ্যে শুরু হবে।'