গৌরীপুরে বিরল প্রজাতির সজারু উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরে বিরল প্রজাতির সজারু উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সহনাটি ইউনিয়নের গিধাউষা গ্রামের সিরাজুল ইসলামের কচুক্ষেত থেকে সজারুটি আটক করা হয়। পরে ইউএনও’র নির্দেশে সজারুটিকে উদ্ধার করে বন বিভাগের লোকজন। 

উদ্ধার হওয়া সজারু। ছবি- ইত্তেফাক

জানা গেছে, সহনাটি ইউনিয়নের গিধাউষা গ্রামে কচু ক্ষেতে প্রবেশ করে কচু নষ্ট করছিল সজারুটি। এদিন এলাকাবাসী কৌশলে কচু ক্ষেত থেকে সজারুটি আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পাঠিয়ে সজারুটিকে উদ্ধার করে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, সজারু নিরীহ প্রজাতির বিরল প্রাণী। এই প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে পরবর্তী ব্যবস্থা নিবেন বন বিভাগের কর্মকর্তাগণ।