এবারের নারী এশিয়া কাপে থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে, পাকিস্তানের সঙ্গে হারে ধাক্কা খায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপর মালয়েশিয়ার বিপক্ষে জয়ের পর শনিবার (৮ অক্টোবর) ভারতের কাছে ৫৯ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
ভারতের বিপক্ষে গত এশিয়া কাপের ফাইনালে শেষবার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। আর তাই প্রতিনিয়ত না খেলার কারণেই বড় দলগুলো বিপক্ষে হারছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘দেখা যায় যাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত খেলছি বোলারদের কিন্তু ভালো জানছি এবং তাদের বিপক্ষে আমরা ভালো খেলছি। ভারতের বিপক্ষে আমাদের যদি দ্বিতীয় ম্যাচ খেলতে দেন অবশ্যই এর থেকে ভালো ক্রিকেট খেলবো।'
বাংলাদেশের দুই ওপেনার রান রেট ঠিক রেখে রান তুলতে না পারায় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ১৬০ রান তাড়া করতে নেমে দুই ওপেনার পাওয়ার প্লেতে সংগ্রহ করে ৩০ রান। উইকেট না হারালেও ধীরগতির ব্যাটিংয়ের কারণেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। জ্যোতি আরও বলেন, 'এত বড় পুঁজি তাড়া করবেন তখন কিন্তু পাওয়ার প্লেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে। তারা যদি অন্তত ৪৫ এর বেশি কিংবা ৫০ এর কাছাকাছি আসতো তাহলে কিন্তু এত বড় ব্যবধানে আমরা হারতাম না। আরও ভালো হতে পারতো কিংবা আমরা জেতার অবস্থায় যেতে পারতাম। ওইদিক থেকে আমার মনে হয় পিছিয়ে গেছি।’