ঘরের মাঠে নিউজিল্যান্ড সবসময় খুব শক্তিশালী দল। ব্ল্যাক ক্যাপসদের গর্ব গতকাল কিছুটা হলেও খর্ব করে দিয়েছে পাকিস্তান। বাবর আজমের দল ৬ উইকেটে হারিয়ে দিয়েছে স্বাগতিকদের। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এখন কার্যত সমান অবস্থানেই আছে। দুই দলই হেরেছে পাকিস্তানের কাছে।
সাকিব আল হাসান বা কেন উইলিয়ামসনদের সামনে জয়ের রথে ফেরার সুযোগ আছে আজই। জয়ের ছন্দে ফেরার মিশনে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় আজ দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। সিরিজে ফাইনালের ওঠার আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচের জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা।
সিরিজের প্রথম ম্যাচে ফ্লাইট জটিলতার কারণে খেলতে পারেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আজ তিনি নিশ্চিতভাবেই ফিরবেন একাদশে। তাকে জায়গা দিতে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে বেঞ্চে বসতে হতে পারে।
সর্বশেষ এশিয়া কাপ থেকে মেইক শিফট ওপেনার হিসেবে মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমানকে খেলানো হচ্ছে। মিরাজের পারফরম্যান্স আশা জাগালেও সাব্বিরের ব্যাটে যেন ফর্মই ফিরছে না। সেক্ষেত্রে আজ সাব্বিরের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার বা নাজমুল হোসেন শান্ত।
এদিকে কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক ফর্ম একেবারেই ভালো যাচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও দিয়েছেন ৪ ওভারে ৪৮ রান। তার জায়গায় আজ তাসকিন আহমেদ আর হাসান মাহমুদের সঙ্গী হিসেবে একাদশে আসতে পারেন এবাদত হোসেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার/নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ,।