নারী এশিয়া কাপ

বাংলাদেশকে টপকে গেলো থাইল্যান্ড

নারী এশিয়া কাপ ক্রিকেটে মালয়েশিয়াকে ৫০ রানে হারিয়েছে থাইল্যান্ড নারী ক্রিকেট দল। এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে স্বাগতিক বাংলাদেশকে টপকে ৪ নম্বরে উঠে এসেছে থাইল্যান্ড।

রবিবার (৯ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তস হেরে ব্যাট করতে নামে থাইল্যান্ডের মেয়েরা। দলীয় ১৫ রানেই প্রথম উইকেট হারায় তারা। এরপর অধিনায়ক নারুয়েমল চাইওয়াই ও ওপেনার নান্নাপাত কোনচারোয়েনকাই মিলে ৫৫ রানের জুটি গড়েন। দলীয় ৭১ রানে ৩৬ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন চাইওয়াই। এরপর দলীয় ৯০ রানে ওপেনার কোনচারোয়েনকাই দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ বলে ৪১ রান করে আউট হন। সুত্থিরুয়াংয়ের ২০ বলে ২৪ রানের ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে ১১৫ রানের পূঁজি পায় থাইল্যান্ড। মালয়েশিয়ার পক্ষে দুরাইসিঙ্ঘাম নেন ২ উইকেট।

১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। দলীয় ২১ রানে তিন ব্যাটারকে হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৬৫ রান করে মালয়েশিয়া। থাইল্যান্ডের পক্ষে স্পিনার থিপাচা ৭ রান খরচায় নেন ২ উইকেট।
এই জয়ের ফলে সেমিফাইনালে খেলার আশা বেঁচে থাকলো থাইল্যান্ডের। ৬ অক্টোবর পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে এবারের এশিয়া কাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় থাইল্যান্ডের মেয়েরা।