স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে আবার গণভোট হতে পারে

স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে আবার গণভোটের ইঙ্গিত দিয়েছেন দেশটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন। রবিবার তিনি জানান, আগামী বছরের অক্টোবরে অঞ্চলটির স্বাধীনতা নিয়ে দ্বিতীয় দফায় গণভোট হতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (৪ অক্টোবর) যুক্তরাজ্যের শীর্ষ আদালতে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং তার সরকারের অনুমোদন ছাড়াই স্কটল্যান্ডের স্বাধীনতা ইস্যুতে গণভোটের অনুমতি সংক্রান্ত একটি শুনানি শুরু হয়েছে।

এর আগে ২০১৪ সালে যুক্তরাজ্য থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করার পক্ষে ও বিপক্ষে গণভোট হয়েছিল। ৫৫-৪৫ শতাংশ ভোটে তখন যুক্তরাজ্যের অখণ্ডতার পক্ষ নিয়েছিল স্কটল্যান্ডের জনগণ।

তবে স্কটিশ ন্যাশনাল পার্টির যুক্তি অনুযায়ী, ওই গণভোটের দুই বছরের মাথায় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। এটি স্কটল্যান্ডের মানুষের জন্য একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলাস স্টারজিওন।

২০১৬ সালে অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণ ব্রেক্সিটের পক্ষে ভোট দিলেও, স্কটল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ ভোটার ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিয়েছিল।

নিকোলা স্টারজিওনের যুক্তি অনুযায়ী, গত বছর স্কটিশ পার্লামেন্টের নির্বাচনে ভোটাররা অঞ্চলটির স্বাধীনতার পক্ষের দলগুলোর প্রতি তাদের সমর্থন দিয়েছে। অর্থাৎ তারা এখন স্বাধীনতা চাইছেন।

নিকোলা স্টারজিওনের বরাত দিয়ে বিবিসি জানায়, আসুন অপেক্ষা করি। দেখি আদালত কি বলে। স্কটল্যান্ড স্বাধীন হতে চলেছে। এ ব্যাপারে তার আত্মবিশ্বাস রয়েছে।