অস্ট্রেলিয়া সফরে যাবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সফরটি এ মাসের শেষ দিকে হওয়ার কথা। সোমবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় যুক্তরাজ্যভিত্তিক সংবাদসংস্থা রয়টার্স।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানান, ফুমিও কিশিদার সফরের দিন এখনও চূড়ান্ত নয়। তবে জাপানি নেতার সঙ্গে তার একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য সফরে পশ্চিম অস্ট্রেলিয়ার খনিজ ও জ্বালানি সমৃদ্ধ পার্থ শহরেও যাওয়ার কথা রয়েছে ফুমিও কিশিদার। ক্যানবেরা বা মেলবোর্নের বদলে জাপানের প্রধানমন্ত্রীকে পার্থে নিয়ে যাওয়া হবে।
ফুমিও কিশিদা পার্থ ছাড়া অন্য কোনও শহর পরিদর্শন করবেন কিনা সেটি এখনও জানা যায়নি।
এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বরাত দিয়ে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচ জানায়, সফরের সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়া সফরের চেষ্টা করছেন তিনি। তবে শিডিউল এখনও চূড়ান্ত হয়নি। অক্টোবরের শেষের দিকে এই সফরের পরিকল্পনা করা হচ্ছে।