কানের দুলের জন্য গৃহবধূ খুন, ৩ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় জামিলা বেগম নামের এক গৃহবধূ খুনের মামলার ৩ আসামিকে মৃত্যু রায় দিয়েছে আদালত। এ মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার মেঘনা উপজেলার শিকিরগাঁও গ্রামের মো. সুমন ও মো. রাকিব এবং মানিকারচর গ্রামের মো. তাছির। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তাছির পলাতক রয়েছে। জামিলা বেগম জেলার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের ভ্যানচালক আবদুল হাকিমের স্ত্রী, কানের দুল ও নগদ টাকা ছিনতাইয়ের জন্য তাকে খুন করা হয়। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।  

আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২০ জুন সন্ধ্যায় জেলার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের গৃহবধূ জামিলা বেগম নিখোঁজ হন। এর ৪ দিন পর তাদের বাড়িসংলগ্ন একটি ফসলি জমি থেকে মেঘনা থানা পুলিশ জামিলা বেগমের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

এ ঘটনার ৫ দিন পর ২৫ জুন জামিলার স্বামী ভ্যানচালক আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

এ মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৮ ডিসেম্বর আদালতে ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাস্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, আদালত এ মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন। মঙ্গলবার আদালতের বিচারক ৩ আসামিকে মৃত্যুদণ্ড এবং মো. টিটু নামের এক আসামিকে বেকসুর খালাসের রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাকিব ও সুমন এবং খালাসপ্রাপ্ত টিটু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান আদালতের পিপি ও নিহত জামিলা বেগমের স্বজনরা।