কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৭ কেজি গাঁজাসহ নুরজাহান আক্তার বৃষ্টি ওরফে তানিয়া (২০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত নারী মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে বাঙ্গরা বাজার থানাধীন আকবপুর ইউনিয়নের হিরাকাশি গ্রামের জোড়া ব্রিজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুমন সরকার, সাখাওয়াত হোসেন ও মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ হিরাকাশি জোড় ব্রিজের এলাকায় অভিযান চালিয়ে নুরজাহানকে গ্রেফতার করে। পরে তাকে তল্লাসি করে বডি ফিটিং (শরীরের সাথে সংযুক্ত) ৩ কেজি ও কালো ট্রাভেল ব্যাগে ৪ কেজিসহ মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার দুপুরে কুমিল্লা জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।