যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বাস্তববাদী হলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুল অঙ্ক কষেছিলেন। তিনি জানিয়েছেন, তেলের উৎপাদন কমালে সৌদি আরবকে ভুগতে হবে। মঙ্গলবার মার্কিন মিডিয়া সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি, আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের লড়াই এবং ছেলে হান্টার বাইডেন সম্পর্কেও কথা বলেন।
‘পুতিন ভুল অঙ্ক কষেছিলেন’ :প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমি মনে করি পুতিন একজন বাস্তববাদী মানুষ। কিন্তু ইউক্রেন যুদ্ধ সম্পর্কে তার অঙ্ক ভুল ছিল। পুতিন মনে করেছিলেন যে, ইউক্রেনে তার বাহিনী হামলা চালাবে এবং কয়েক দিনের মধ্যেই ইউক্রেন তার দখলে চলে যাবে। ইউক্রেনের নাগরিকরা তাদের স্বাগত জানাবে।’ রুশ বাহিনীকে এভাবে প্রতিরোধের মুখে পড়তে হবে সেটা হয়তো ভাবেননি প্রেসিডেন্ট পুতিন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, পরমাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়া ভুল করবে এবং দেশটি ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়বে। তবে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্রের জবাব কী হবে সেই সম্পর্কে জো বাইডেন স্পষ্ট করে কিছু বলেননি।
ইন্দোনেশিয়ায় আগামী মাসের জি-২০ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন কি না—সেই প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি তার সঙ্গে বৈঠকে বসার ভালো কোনো কারণ দেখতে পাই না। তবে পুতিন কী বিষয়ে কথা বলতে চান সেটার ওপরই নির্ভর করবে তার সঙ্গে বৈঠক হবে কি না।’ বাইডেন বলেন, রুশ কারাগারে আটক আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারের বিষয়ে কথা বললে বৈঠকটি হতে পারে। এরপর বাইডেন বলেন, ‘পুতিন নিষ্ঠুর আচরণ করছেন, খুবই নিষ্ঠুর আচরণ করছেন। আমি মনে করি, তিনি যুদ্ধাপরাধ করছেন। তাই এ সময় তার সঙ্গে বৈঠকের যৌক্তিক কারণ দেখি না।’
‘সৌদি আরবকে ভুগতে হবে’
প্রেসিডেন্ট বাইডেন সাক্ষাৎকারে বলেন, ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে তিনি হতাশ হয়েছেন। এজন্য সৌদি আরবকে ভুগতে হবে বলে সতর্ক করেন তিনি। বাইডেন বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার সময় এসেছে। তিনি বলেন, সৌদি আরব রাশিয়ার সঙ্গে মিলে যা করছে তার জন্য চরম পরিণতি হবে। গত সপ্তাহে নভেম্বর থেকে তেল উৎপাদন হ্রাসের ঘোষণা দেয় ওপেক প্লাস। অথচ যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সৌদি আরবকে অনুরোধ জানিয়েছিল। এমনকি প্রেসিডেন্ট বাইডেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও সাক্ষাতে বিশ্বকে অর্থনৈতিক সংকট থেকে দূরে রাখতে তেলের উৎপাদন না কমানোর অনুরোধ করেছিলেন।
আগামী নির্বাচন ও হান্টার বাইডেন ইস্যু
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না—সেই বিষয়ে সরাসরি কোনো জবাব না দিলেও প্রেসিডেন্ট বাইডেন বলেন, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন বলে বিশ্বাস করেন। সম্প্রতি সিএনএনের এক জরিপে দেখা যায়, ৭৫ শতাংশ ডেমোক্র্যাট বাইডেনকে আর প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চান না। ১৭ শতাংশ তার বয়সকে বাধা হিসেবে উল্লেখ করেছেন। ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমার ছেলের প্রতি আমার বিশ্বাস আছে। আমি তাকে ভালোবাসি।