মুরাদনগরে সহকারী শিক্ষকের ১০৭ পদ শূন্য

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও মোট জনসংখ্যার শত ভাগ প্রাইমারি শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার কাজ করলেও সেদিক থেকে পিছিয়ে রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো। উপজেলায় ২০৪ প্রাথমিক বিদ্যালয়ের ৪৬টিতে দীর্ঘদিন ধরে ১০৭ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে এসব বিদ্যালয়ে শিক্ষকসংকটে স্কুলে লেখাপড়ার মান ক্রমশ হ্রাস পাচ্ছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রমসহ শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৯৫ জন সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ এবং ৪৬টি বিদ্যালয়ের ১০৭ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি থাকায় সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। শিক্ষকসংকটে থাকা বিদ্যালয়গুলোর কোনো শিক্ষক যখন অসুস্থ হন কিংবা মাতৃত্বকালীন বা অন্য কোনো কারণে ছুটিতে থাকেন তখন দায়িত্বরতদের পাঠদানে হিমশিম খেতে হয়। এ অবস্থায় একজন শিক্ষককে একটানা চার-পাঁচটি ক্লাসে পাঠদান করতে হয়। কখনো কোনো একটি শ্রেণির পাঠদান বন্ধ থাকে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার এই বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, মৃত্যু, অবসরজনিত কারণ ও অনেকদিন থেকে পদোন্নতি বন্ধ থাকায় শূন্য পদের সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শূন্য পদের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে লিখিতভাবে জানানো হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে এ সমস্যা আর থাকবে না। আশা করি, দ্রুত এর সমাধান হবে।