বিক্ষোভকারীদের ওপর গুলি করছে ইরানি নিরাপত্তা বাহিনী

টুইটারে প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ইরানি নিরাপত্তা বাহিনী একটি পিক-আপ ট্রাকের পেছন থেকে পালাতে থাকা লোকজনকে গুলি করছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিবিসি ফার্সি সার্ভিসের মাধ্যমে এই ভিডিও ফুটেজটি যাচাই করা হয়েছে। কুর্দিস্তান প্রদেশের বানেহ অঞ্চলে গাড়িটি লোকজনকে ধাওয়া করার সময় গুলির শব্দ শোনা যায়। গত মাসে শুরু হওয়া গণবিক্ষোভের পর থেকে কুর্দিস্তানে ভয়াবহ দমনপীড়ন দেখা গেছে।

একটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, এই বিক্ষোভে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বিবিসি ও অন্যান্য স্বাধীন মিডিয়া ইরানের অভ্যন্তর থেকে রিপোর্ট করা নিষিদ্ধ হওয়ায় নিহত বা হতাহতের সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। ইন্টারনেটও ব্যাহত করে রেখেছে কর্তৃপক্ষ।

নরওয়ে-ভিত্তিক ইরান মানবাধিকার সংস্থা জানায়, বুধবার (১২ অক্টোবর) পর্যন্ত ২৩ জন শিশুসহ প্রায় ২০১ জন নিহত হয়েছেন। যদিও প্রকৃত সংখ্যা বেশি বলে ধারণা করা হচ্ছে।