নিজের শিশু কন্যাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত মো. আলাল হোসেন দুদু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গভীর রাতে নগরীর পশ্চিম খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এতে বলা হয়, গার্মেন্টসকর্মী মো. আলাল হোসেন ও তার স্ত্রীর ২২ মাস বয়সী একটি কন্যা সন্তান ছিল। বাবা-মা চাকুরি সূত্রে চট্টগ্রামে থাকলেও শিশুটি রংপুরে তার নানীর কাছে থাকতো। ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আলাল তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি রংপুরে বেড়াতে যায়। ১৫ সেপ্টেম্বর আলাল তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি।
এর দু’দিন পর ১৭ সেপ্টেম্বর রংপুর জেলার কোতোয়ালী থানার তাজহাট এলাকায় একটি কলাবাগানে বাচ্চারা খেলাধুলা করার সময় একটি শিশুর লাশ দেখে চিৎকার করলে আশে-পাশের লোকজন এগিয়ে আসে। সংবাদ পেয়ে শিশুটির মা, নানী এবং আত্মীয়-স্বজন এসে লাশটি তাদের ২২ মাস বয়সী শিশু কন্যা বলে শনাক্ত করে।
এ ঘটনায় শিশুটির নানী বাদী হয়ে রংপুর জেলার কোতোয়ালী থানায় মো. আলালসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ মো. আলালকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আসামি নিজ হাতে তার কন্যাকে হত্যা করার কথা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে স্বীকার করে। মামলার রায়ে আদালত শিশু হত্যার দায়ে মো. আলাল ওরফে দুদু মিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।
জানা যায়, গ্রেফতার হওয়ার পর বিচার চলাকালীন আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায় আলাল। সে আর আদালতে হাজিরা দেয়নি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরা-ছোঁয়ার বাইরে চলে যায়।