বিশ্বকাপের মূল পর্বে জয়ের বন্ধ্যাত্ব এবার কি কাটবে?

টি-২০ তে সাকিব বাহিনীর সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য আশাবাদী হওয়ার মতো কোনো রসদ যোগাচ্ছে না। এশিয়া কাপ থেকে দুই ম্যাচ খেলেই বিদায়, দুর্বল আমিরাতের বিপক্ষে দুটি জয় এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় এসেছে বাংলাদেশ দল।

অধিনায়ক সাকিব ও টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম অবশ্য এসব হার নিয়ে চিন্তিত নন। তাদের মতে, বিশ্বকাপের সম্ভাব্য সব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। এখন পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপে পারফরম করার আনুষ্ঠানিকতাই বাকি। গত আগস্টে নিয়োগ পাওয়া শ্রীরামের জন্যও বড় চ্যালেঞ্জ দলটাকে বিশ্বকাপে সাফল্য এনে দেওয়া। জয়ের খরা কাটানো। পারফরমারের চেয়ে ফরম্যাট অনুযায়ী ইমপ্যাক্ট ক্রিকেটার, ইটেন্ট দেখানো ব্যাটসম্যানকে প্রাধান্য দিয়েছেন শ্রীরাম। এখন তার ‘ইমপ্যাক্ট-ইটেন্ট’ তত্ত্ব বিশ্বমঞ্চে সফলতা পায় কি না দেখার বিষয়।

শেষ মুহূর্তে বিশ্বকাপ দলেও দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফর্মহীনতার কারণে সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন বাদ পড়েছেন। স্ট্যান্ডবাই তালিকা থেকে সৌম্য সরকার ও শরীফুল ইসলাম মূল দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

আগামী ২৪ অক্টোবর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। হোবার্টে প্রতিপক্ষ প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের রানার্সআপ। পরে ২৭ অক্টোবর, ৩০ অক্টোবর, ২ নভেম্বর ও ৬ নভেম্বর বাংলাদেশের ম্যাচ রয়েছে।

বাংলাদেশের জন্য বড় চিন্তার কারণ টপ অর্ডার, ওপেনিংটা বরাবরই নড়বড়ে। এই পজিশন নিয়ে হয়েছে বিস্তর পরীক্ষাও। মিডল অর্ডারে তাই সাকিব, আফিফদের বড় দায়িত্ব নিতে হবে। পাওয়ার হিটারের দায়িত্ব সামাল দিতে হবে সোহান, ইয়াসির, মোসাদ্দেককে। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের ফর্মহীনতাও ভাবাচ্ছে দলকে।

তবে দিন শেষে বাংলাদেশ দলের জয়ের মূলমন্ত্র সম্মিলিত পারফরম্যান্স। একক নয় দলীয় প্রচেষ্টাই খুলতে পারে মূল পর্বে জয়ের দুয়ার।