লঙ্কানদের ১৬৪ রানের বড় লক্ষ্য দিলো নামিবিয়া

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ার পরও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৪ রানের টার্গেট দিয়েছে নামিবিয়া। লঙ্কানদের দুর্দান্ত বোলিং লাইনআপের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেই ১৬৩ রানের বড় সংগ্রহ পেয়েছে নামিবিয়ার ব্যাটাররা।

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিনোদনটাই যেন এখানে। প্রতিপক্ষের শক্তিমত্তা যত বেশি বা নিজেরা যতই আন্ডারডগ হোকি না কেনো, মাঠের খেলায়  একেবারে সমানে সমানে টক্কর। 

জিলংয়ের কার্ডিনিয়া পার্কে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারালেও শেষের দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আইসিসির সহযোগী দেশটি। 

ছোট তবে কার্যকরী কয়েকটি ইনিংসেই নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ পায় নামিবিয়া। 

ইনিংসের শুরুতে ১৬ রানেই দুই ওপেনারকে ফিরিয়ে নামিবিয়াকে  চাপে ফেলে দেয় লঙ্কান বোলাররা। তৃতীয় উইকেটে স্টিফান বার্ডকে নিয়ে ৪১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন অধিনায়ক ইরাসমাস। দলীয় ৭৬ রানে ইরাসমাসকে ফেরান হাসারাঙ্গা ডি সিলভা। অধিনায়কের বিদায়ের পরপরই বিদায় নেন স্টিফান বার্ডও।

এরপর জ্যান ফ্রাইলিঙ্ক আর জেজে স্মিত মিলে ৭০ রানের জুটি গড়ে বনড় সংগ্রহের দিকে নিয়ে যায় নামিবিয়াকে। এই দুজনের ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়েছেন লঙ্কান বোলাররা।

ফ্রাইলিঙ্কের ২৮ বলে ৪৪ রানের ইনিংসের সঙ্গে স্মিতের ১৬ বলে ৩১ রানেই ১৬৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে নামিবিয়া। লঙ্কানদের হয়ে দুই উইকেট নিয়েছেন প্রমোদ মাধুশান।