অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই এই দুঃসংবাদ পায় দাসুন শানাকার দল। রবিবার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আগে শনিবার (১৫ অক্টোবর) অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন মাদুশঙ্কার। নেটে বোলিং করার সময় হাঁটুতে চোট পান তিনি। পড়ে হাসপাতালে নিয়ে গয়ে এমআরআই করার পর জানা যায় চোট গুরুতর। ফলে এই বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না এই লঙ্কান পেসারের। আর তাই তার পরিবর্তে বিশ্বকাপ দলে নেওয়া হতে পারে বিনুরা ফার্নান্ডোকে। যদিও মাদুশঙ্কার পরিবর্তে কে দলে কে আসবে তা এখনও ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
সর্বশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাদুশঙ্কা। পুরো টুর্নামেন্টে ৭.৭৫ ইকোনোমিতে নেন ৬টি উইকেট। আর তাই এই বিশ্বকাপে লঙ্কান পেস আক্রমণের অন্যতম ভরসার নাম ছিলেন তিনি।