অচেনা স্কটল্যান্ডের সামনে ওয়েস্ট ইন্ডিজ

টি-২০ ক্রিকেটের ১৭ বছর ও  আটটি বিশ্বকাপ হতে চলল। কিন্তু এখন পর্যন্ত একটি বারের জন্যেও মুখোমুখি হয়নি ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। তাই দুই দলই একে অপরের কাছে অচেনা বলা যায়। তবে প্রযুক্তির যুগে আর কোনো কিছুই এখন লুকানো থাকে না। এর ওপর ভরসা করেই জয়ের ছক কষবে তারা।

হোবার্টে আজ বিশ্বকাপের অপর ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। তারা অবশ্য ওয়েস্টইন্ডিজ-স্কটল্যান্ডের মতো নয়। ২২ গজের লড়াইয়ে প্রায় নিয়মিতই দেখা হয় তাদের। এক আসর পর আবারও বিশ্বকাপের মঞ্চে জিম্বাবুয়ে। সম্প্রতি দারুণ কিছু সময় কাটিয়েছে তারা। ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়েছে ওয়ানডে ও টি-২০ সিরিজে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিইয়ার মাটিতে অস্ট্রেলিয়া ওয়ানডেতে হারিয়ে গড়ে ইতিহাস। সেই সব  জয়কে পুঁজি করেই সুপার টুয়েলভে ওঠার স্বপ্ন দেখছে ক্রেইগ আরভিনের দল।

স্বপ্ন আয়ারল্যান্ডও কম দেখছে না। ঘরের মাঠে কয়েক মাস আগে  কাঁপিয়ে দিয়েছে ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে। জয় না পেলেও আইরিশদের আত্মবিশ্বাস এখন অনেকটাই তুঙ্গে। ব্যাটিংয়ে পল স্টার্লিং ও হ্যারি টেক্টর আছেন দারুণ ফর্মে। বোলিংটাও মন্দ নয়। গত আসরে কার্টিস ক্যামফারের চার বলে চার উইকেট এখনো চোখে লেগে আছে।

আত্মবিশ্বাসের প্রসঙ্গে এলে ওয়েস্ট ইন্ডিজের জায়গাটা বেশ নড়বড়ে। দুই বারের চ্যাম্পিয়নরা এখনো সঠিক কম্বিনেশনই খুঁজে পায়নি। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে। ক্রিস গেইল, কাইরন পোলার্ড,  ডোয়েইন ব্র্যাভো, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা না থাকায় ভারসাম্য খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে। তবুও নতুন এই দলটার সবচেয়ে বড় আস্থার নাম অধিনায়ক নিকোলাস পুরান। সাম্প্রতিক ফর্ম খারাপ হলেও বিশ্বচ্যাম্পিয়ন ট্যাগ থাকায় কেউ ছুড়ে ফেলে দেওয়ার সাহস করবে না।

পুরোনো গৌরব ফিরিয়ে আনতে কী করতে হবে ম্যাচের আগের দিন সেটাই জানালেন পুরান, ‘অভিজ্ঞতার ও তারুণ্যের মিশেলে দলে ভারসাম্য আনা দরকার। যখন দুটো বিশ্বকাপ জিতেছি তখন দলে প্রচুর তারকা ছিল। আবার গত বিশ্বকাপেও তারকার অভাব ছিল না কিন্তু সেমিফাইনালেও যেতে পারিনি। আমরা ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে কথা বলেছি। যখনই আমরা হারি বা জিতি দল হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে  হবে। টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে।’

অন্যদিকে স্কটল্যান্ড ফের চমক দেখানোর জন্য মুখিয়ে থাকবে। গত আসরে বাংলাদেশ হারিয়ে বিশ্বকাপে শুরু করেছিল তারা। পরে সুপার টুয়েলভেও জায়গা করে নেয়। রিচি বেরিংটনের দল এবারও অস্ট্রেলিয়া এসেছে সেই লক্ষ্যেই।

আজকের খেলা

ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড, সকাল ১০টা, হোবার্ট

জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড, দুপুর ২টা, হোবার্ট।