তুরস্ক-গ্রিস সীমান্তে ৯২ জন নগ্ন অভিবাসীকে উদ্ধার

গ্রিক পুলিশ তুরস্ক ও গ্রিসের সীমান্ত থেকে অন্তত ৯২ জন অভিবাসীকে নগ্ন অবস্থায় উদ্ধার করেছেন। উদ্ধার করা অভিবাসীদের মধ্যে বেশ কয়েকজন আহত অবস্থায় ছিলেন। এই ঘটনায় তুরস্ক এবং গ্রিস উভয় দেশ পরস্পরকে দোষারোপ করছে। অন্যদিকে এই বিষয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গ্রিক পুলিশ জানিয়েছেন, তারা তুরস্কের সীমান্তবর্তী গ্রিকের ভূখণ্ড থেকে ৯২ জনকে নগ্ন অবস্থায় উদ্ধার করেছেন। তুরস্ক ও গ্রিসের সীমান্ত নির্দেশকারী এভরস নদীর কাছ থেকে তাদের উদ্ধার করা হয়। তবে, উদ্ধারকৃতরা কেন নগ্ন অবস্থায় ছিলেন তা এখনো জানতে পারেনি গ্রিক পুলিশ।

Greek Immigration Minister Natis Mitarachi

গ্রিক পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রনটেক্সের তদন্ত থেকে প্রাথমিকভাবে জানা যায়, ৯২ জন লোক কয়েকটি রাবারের তৈরি ডিঙি নৌকায় করে গ্রিক ভূখণ্ডে এসেছেন।

উদ্ধারকৃতরা প্রাথমিকভাবে জানিয়েছে, তুর্কি কর্তৃপক্ষ তাদের জোর করে তিনটি নৌকায় করে সীমান্ত থেকে তাড়িয়ে দেয়। এ সময় তাদের গা থেকে সব ধরনের কাপড় খুলে ফেলতে বাধ্য করা হয়। তবে, তুরস্কের পক্ষ থেকে এই বিষয়টির সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি।

Recep Tayyip Erdoğan`s chief spokesman Fahrettin Altun

গ্রিক অভিবাসন বিষয়ক মন্ত্রী নতিস মিতারাচি শনিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান, তুরস্কের উসকানিমূলক আচরণ সব সীমা ছাড়িয়ে গেছে। যে ৯২ জন অভিবাসীকে তারা উদ্ধার করেছেন তার প্রতি তুরস্কের আচরণ সভ্যতার জন্য লজ্জাজনক। তারা আশা করেন, আঙ্কারা ঘটনার তদন্ত করবে এবং শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার সীমান্ত যথাযথভাবে রক্ষা করে চলবে।

অপরদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান মুখপাত্র ফাহরেত্তিন আলতুন গ্রিসের অভিযোগকে ভিত্তিহীন এবং অমূলক বলে আখ্যা দিয়েছেন। তিনি টুইটারে পোস্ট করেন, গ্রিকরা আবার মিথ্যা সংবাদ ছড়ানোর চেষ্টা করছে।