হাঁটুর ইনজুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। ইনজুরির কারণে খেলা হয়নি সর্বশেষ এশিয়া কাপে। এমনকি মিস করেছিলেন ঘরের মাঠে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজের টি-২০ সিরিজ ও নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ। বিশ্বকাপে খেলতে চোট থেকে সেরে উঠতে লন্ডনে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন এই পেসার।
চোট থেকে সেরে বিশ্বকাপের সুপার টুয়েলভের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। এই ম্যাচে মাঠে নামেন শাহিন আফ্রিদি। আর বল করতে গিয়েই প্রথম বলেই ইয়র্কারে আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে এলবিডব্লিউ এর ফাদে ফেলেন শাহিন। আর সেই ইয়র্কারের সরাসরি পায়ে আঘাত পেয়ে মাঠেই ব্যাথায় কাতরাতে থাকেন এই ব্যাটার। পরে মাঠে আসেন আফগানিস্তানের ফিজিও। শেষ পর্যন্ত অন্য এক ক্রিকেটারের কাঁধে ভর করে মাঠ ছাড়তে হয়। পরে সংবাদ মাধ্যমে জানানো হয়, ম্যাচ চলাকালীন সময়েই গুরবাজের বাঁ পায়ের স্ক্যান করাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ম্যাচে পাকিস্তানকে ১৫৪ রানের টার্গেট দেয় আফগানিস্তান। পাকিস্তান ব্যাট করতে নামার দুই ওভার পরে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ থাকে। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।