কৃতি স্যানন ও বরুণ ধাওয়ানের ‘ভেদিয়া’ সিনেমাটি শুরু থেকেই ভক্তদের আলোচনার কেন্দ্রে রয়েছে। এই দুই তারকার রসায়ন দেখার অপেক্ষায় আছেন তারা। এবার তাদের প্রত্যাশা পূরণে প্রকাশে এলো সিনেমাটির ফার্স্টলুক।
মঙ্গলবার সেই লুকটি নিজের ইনস্টাগ্রামের শেয়ার করে কৃতি লিখেছেন, ‘ডা. আনিকার সাথে দেখা করুন! ভেদিয়ার ডাক্তার! নেকড়েদের ডাক্তার! তবে অনুগ্রহ করে নিজ দায়িত্বে দেখবেন! আজ বিশেষ চমক নিয়ে ট্রেলার আসছে।’
অন্যদিকে সিনেমাটির পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করে বরুণ লিখেছেন, ‘এখন জঙ্গলে অঘটন ঘটবে!’
পোস্টারে কৃতিকে ছোট চুলের চেহারা এবং তার হাতে একটি বিশাল সিরিঞ্জ নিয়ে পোজ দিতে দেখা গেছে। কৃতির এমন অচেনা লুক মুহূর্তেই নজর কেড়েছে বলিপ্রেমীদের। অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন এই অভিনেত্রীকে। তবে শুধু কৃতি নন, বরুণের উপস্থিতিও মুগ্ধ করেছে ভক্তদের।
সিনেমাটি প্রসঙ্গে কৃতি বলেন, ‘অসাধারণ কিছু মুহূর্ত উপহার দিতে আসছি। লুক তার আভাস মাত্র। আমার বিশ্বাস, বছরের সেরা সিনেমা হবে ভেদিয়া! শুরু থেকেই আমার ভক্তদের যে সাড়া পাচ্ছি তা সত্যি মুগ্ধ করেছে। সিনেমাটি দেখার পরও দর্শকরা ঘোরের মাঝে থাকবেন। হল থেকে তারা মুগ্ধতা নিয়ে ফিরবেন, এ কথা বলতে পারি!’
উল্লেখ্য, অমর কৌশিক পরিচালিত হরর-কমেডি এ সিনেমাটির ট্রেলার আজ অবমুক্ত করা হবে। আগামী ২৫ নভেম্বর মুক্তি প্রতীক্ষিত ‘ভেদিয়া’র মাধ্যমে ২০১৫ সালের পর আবারও একসঙ্গে পর্দায় আসছে কৃতি-বরুণ জুটি।