সুদের টাকার জন্য বাড়িঘর ভেঙে নিলো সুদখোর মহাজন 

শেরপুরের ঝিনাইগাতীতে সুদের টাকা দিতে না পাড়ায় সাদেকুল ইসলাম নামে এক দরিদ্র পরিবারের বসতঘর ভেঙে নিলো সুদখোর মহাজন। সোমবার (১৭ অক্টোবর) উপজেলার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদেকুল ইসলাম ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

সাদেকুল ইসলাম জানান, তিনি প্রতিবেশী আব্দুল মালেকের কাছ থেকে গত প্রায় দুই বছর আগে ১৮ হাজার টাকা সুদে ধার নেন। পরে সুদে আসলে ২৩ হাজার টাকা পরিশোধও করেন। কিন্তু আব্দুল মালেকের দাবি আরো ৪০ হাজার টাকা পাবেন তিনি।

আব্দুল মালেক ১৬ অক্টোবর রবিবার ঢাকায় থাকা সাদেকুল ইসলামকে ফোনে জানান, তার পাওনা ৪০ হাজার টাকা না দিলে সাদেকুলের বসতঘর ভেঙে নিয়ে যাওয়ার হুমকি প্রদর্শন করে। সেই সঙ্গে সোমবার আব্দুল মালেক তার লোকজন নিয়ে সাদেকুল ইসলামের মালামালসহ একটি টিনসেড ঘর ভেঙে নিয়ে যায় । 

খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে এসে এব্যাপারে সাদেকুল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে আব্দুল মালেক বলেন, আমি ঘরটি ৬০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। আমি কোনো সুদের ব্যবসা করি না।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।