দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব কাজ বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর মহাখালীতে অধিদপ্তরের সামনে অবস্থান নেয় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ৫ দফা দাবি উত্থাপন করা হয়। 

দাবিগুলো হল- দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুযায়ী জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন করা,  জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের পদ আপগ্রেডশন করা এবং সচিবালয়ের ন্যায় অধিদপ্তরের কর্মচারীদের পদ নাম পরিবর্তনসহ অধিদপ্তরের সকল শূন্য পদে নিয়োগদানের দাবি উত্থাপন করা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির সভাপতি মুবিনুর রহমান, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ফরিদ হোসেন প্রমুখ।

বক্তারা দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলিয়ে যাওয়ার ঘোষণা দেন। অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এমন অবস্থান কর্মসূচিতে কার্যক্রম মূলত স্থবির হয়ে পড়েছে। এছাড়া দুর্যোগ মোকাবেলায় আশ্রয় কেন্দ্র নির্মাণ, রক্ষণাবেক্ষণ, ভলেনটিয়ারদের প্রশিক্ষণ প্রস্তুতিসহ বেশ কিছু কাজ থেমে গেছে।