খালিয়াজুরী আওয়ামী লীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ অক্টোবর) বিকেলে খালিয়াজুরী উপজেলা সদরের কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। নেত্রকোনা জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান খান এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের প্রথম পর্ব ছিল আলোচনা সভা। এই পর্ব শেষে সম্মেলনের ২য় পর্বে নব গঠিত উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় সভাপতি হিসেবে অ্যাডভোকেট অজিত বরন সরকার ও সাধারণ সম্পাদক  হিসেবে সাদেকুর রহমান সাদেকের নাম ঘোষণা করা হয়। এরপর পরই বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল শুরু করেন। এসময় তারা সম্মেলন মঞ্চ ভাঙচুরসহ চেয়ার ছোড়াছুড়িও করেন।

এ ব্যাপারে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনপূর্ব কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, সম্মেলনে দেওয়া কমিটি আমরা মানি না এবং পরবর্তীতেও আমরা মানব না।

এ বিষয়ে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেন, সম্মেলনের ওই হট্টগোল অনাকাঙ্ক্ষিত। সম্মেলনে নতুন কমিটিতে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের নাম পরবর্তীতে বলবত রাখা ঠিক হবে কি না সে ব্যাপারেও জেলা কমিটিতে ভাবনা চলছে বলে জানান তিনি।