২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাবে না ভারত। এই কথা সাফ জানিয়েছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। তার এমন মন্তব্যের পর তোলপাড় বয়ে যায় বিশ্ব ক্রিকেটে। প্রথম দিন নিশ্চুপ থাকলেও পরের দিন জবাবের পাশাপাশি ভারতকে হুমকিও দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। তাছাড়া ২০২৪ টি-২০ বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজকও তারা। কিন্তু যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে দল না পাঠায়। তাহলে পাকিস্তানও সেসব আসরে দল না পাঠানোর ইঙ্গিত দিয়ে রাখল।
এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘এই মন্তব্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে থাকা দেশগুলোর মধ্যে ভাঙন ধরতে পারে। ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে তা হলে ২০২৩ সালে ভারতে এক দিনের বিশ্বকাপ ও ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে ভারতে হতে চলা আইসিসি প্রতিযোগিতাতে পাকিস্তান না-ও যেতে পারে।’
পিসিবি আরো জানিয়েছে, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কোন রকম আলোচনা না করেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা এই মন্তব্য করেছেন। এর যে সুদূরপ্রসারী প্রভাব হতে পারে সে বিষয়ে চিন্তা করেননি তিনি (জয় শাহ)।এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে অনুরোধ করছি একটি বৈঠক ডাকার। সেখানে এই বিষয়ে আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতে হবে।’ এদিকে বিসিসিআইর সেক্রেটারি হওয়ার পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসির) সভাপতি জয় শাহ।