খুলনায় বিএনপির গণসমাবেশ চলছে

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা আগেই শুরু হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সোয়া ১২টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে। 

গণসমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা ১১টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে বিএনপির সমাবেশ এলাকায় দেখা যায়, তিল ধারণের জায়গা নেই। সমাবেশের সামনে স্থান না পেয়ে নেতাকর্মীরা আশপাশের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। আবার তীব্র রোদের কারণে অনেকে সড়কের পাশে ছায়ায় জড়ো হয়েছেন।

জানা গেছে, সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টাঙানো হয়েছে ১২০টি মাইক। আটটি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। থাকবে ড্রোন ক্যামেরায় নজরদারি। এছাড়া শৃঙ্খলার দায়িত্ব পালন করছে ৪০০ স্বেচ্ছাসেবক।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় সোনালী ব্যাংক চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ শুরু হওয়ার কথা ছিল। এদিন ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীর সংখ্যাও ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। নেতাকর্মীদের ভিড় সমাবেশস্থল ছাপিয়ে আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই খুলনা পৌঁছেছেন বিএনপি মহাসচিবসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এছাড়া ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও খুলনায় অবস্থান করছেন।

এদিকে সমাবেশের আগে খুলনায় দু'দিনের ধর্মঘট ডেকেছেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়ন। নছিমন-করিমন-ভটভটিসহ সব ধরনের যান চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

বাসের পাশাপাশি খুলনায় লঞ্চ, ট্রলার, এমনকি ফেরি চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এসব বাঁধা উপেক্ষা করেও সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

প্রসঙ্গত, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহের পর আজ খুলনা বিভাগীয় শহরে দলটির তৃতীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।