সুপার টুয়েলভের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে প্রথম পর্ব পেরিয়ে আসা দুই দল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আইরিশরা।
হোবার্টের বেলেরিভ অভালে বাংলাদেশ সময় সকাল ১০টায় এশিয়া কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। টস জিতে লঙ্কানদের বিপক্ষে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।
সদ্যই এশিয়া কাপ জিতে উড়ন্ত অবস্থায় বিশ্বকাপের মঞ্চে আসা শ্রীলঙ্কা প্রথম ম্যাচেই ধাক্ক খায় নামিবিয়ার কাছে। পরে অবশ্য টানা দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে উঠে আসে দাসুন শানাকার দল।
প্রথম রাউন্ডের পারফরম্যান্স আশানুরূপ না হলেও সুপার টুয়েলভে ভালো করতে মরিয়া এশিয়া কাপের চ্যাম্পিয়নরা। সুপার টুয়েলভের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে হালকাভাবে নিতে নারাজ লংকানরা।
শ্রীলঙ্কার মতো আইরিশরাও প্রথম রাউন্ড শুরু করেছিলো হার দিয়ে। তারাও পরের দুই ম্যাচ জিতে উঠে নিশ্চিত করে সুপার টুয়েলভের জায়গা। শেষ ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করেই সুপার টুয়েলভে উঠে আসে দলটি।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব পেরিয়ে পরের রাউন্ডে খেলছে আয়ারল্যান্ড। ২০০৯ সালে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে খেলেছিলো তারা। দীর্ঘদিন পর বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়ে উচ্ছসিত আইরিশরা। এবার সুপার টুয়েলভ পর্বটি বেশ স্মরণীয় করে রাখতে চায় অ্যান্ড্রু বালবার্নির দল।
শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, লাহিরু কুমারা, ভানুকা রাজাপাকসে, বিনুরা ফার্নান্দো।
আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, সিমি সিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার।