একসময় ছিলো ম্যানচেস্টার ইউনাইটেডের চোখের মণি। সেখান থেকে বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনালদো হয়ে উঠেছেন ক্লাবটির চক্ষুশূল। বিশেষত ম্যানইউয়ের বর্তমান কোচ এরিক টেন হাগের সঙ্গে রোনালদোর দ্বন্দ্ব যেন এখন চরমে। বিতর্কিত সব কর্মকাণ্ড করে ভক্ত সমর্থকদের কাছ থেকেও বিরূপ প্রতিক্রিয়া পেয়েছেন পর্তুগিজ তারকা।
ম্যানইউয়ের সঙ্গে রোনালদোর সম্পর্কের ক্রমাগত অবনতির ভেতরেই তার পাশে দাঁড়িয়েছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেট তারকা কেভিন পিটারসেন। রোনালদোর সঙ্গে ম্যানইউয়ের আচরণের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পিটারসেন বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড এখন একজন ভাঁড় দ্বারা পরিচালিত হচ্ছে।
রোনালদোর সঙ্গে অসম্মাণজনক আচরণের পর থেকেই ম্যানইউয়ের প্রতি ক্ষুদ্ধ হন ইংলিশ ক্রিকেটের সাবেক অধিনায়ক পিটারসেন। কিন্তু তখন সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পিটারসেনের ছবি ব্যবহার করে পোস্ট দেওয়ার পরই নিজের রাগ প্রকাশ করেন সাবেক এই ইংলিশ কিংবদন্তি।
ওই পোস্টের মন্তব্যের ঘরে রোনালদোর প্রতি বিরূপ আচরণের কারণে নিজের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পিটারসেন লেখেন, 'দয়া করে আমার ছবিটা নামান। ভাঁড় দ্বারা পরিচালিত একটা ক্লাব, যারা আমাদের সময়ের সেরা ফুটবলারকে অশ্রদ্ধা করে, তাদের সঙ্গে আমি থাকতে চাই না। ক্রিশ্চিয়ানো বস। ওই ভাঁড়টাকে কেউ কখনও মনে রাখবে না, এই মুহুর্তে তার জেগে ওঠা দরকার।'
পিটারসেন যে 'ভাড়' বলে কার প্রতি ইঙ্গিত দিয়েছেন সেটি স্পষ্টই বোঝা যায়। তার রাগের তীরটা স্পষ্টত ম্যানইউ কোচ এরিক টেন হাগের দিকেই। পিটারসেনের এমন ক্রুদ্ধ মন্তব্যের পর সেই পোস্ট সরিয়েও নিয়েছেন ম্যানইউ কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, চলতি সিজনে রোনলদোর বেশিরভাগ সময় কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের বেঞ্চে বসেই। শুরুর একাদশে পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ীকে সুযোগই দিতে চাচ্ছেন না রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগ। বদলি হিসেবে নামতে হচ্ছে প্রায় প্রতি ম্যাচেই। এর আগেও এই বদলি নামা নিয়ে বিতর্কিত কর্মকান্ড করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।
ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচেও রোনালদো ছিলেন না শুরুর একাদশে। কোচ তাকে বদলি হিসেবে নামানোর জন্য ওয়ার্ম আপ করতে বললেও মাঠে নামচ্ছিলো না টেন হাগ। শেষ পর্যন্ত ম্যাচের একেবারে শেষের দিকে তাকে মাঠে নামাতে চাইলে তখন সে নামতে অস্বীকৃতি জানান। ৮৯ মিনিটে ডাগআউট ছেড়ে টানেলের দিকেই চলে যান পর্তুগিজ তারকা।
টটেনহ্যাম ম্যাচের পর ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কতা যেন একেবারেই তলানিতে নেমে এসেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে শাস্তিস্বরূপ চেলসির বিপক্ষে পরের ম্যাচের স্কোয়াডেই রোনালদোকে রাখেনি টিম ম্যানেজমেন্ট।