ইউক্রেন 'ডার্টি বোমা' ব্যবহার করতে পারে: রাশিয়া

ইউক্রেন 'ডার্টি বোমা' ব্যবহার করতে পারে, এমন দাবি করেছে রাশিয়া। এ দাবি নাকচ করে এর নিন্দা জানিয়েছে কিয়েভ। ইউক্রেন জানিয়েছে, এ দাবির কোনো প্রমাণ নেই। আসলে রাশিয়া নিজেই এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররাও রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করেছে। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, 'ডার্টি বোমা' তেজস্ক্রিয় উপাদানে সজ্জিত একটি পারমাণবিক বোমা। এ বোমার ফলে বিস্তৃত এলাকায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে যেতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এমন দাবির মানেই হলো রাশিয়া নিজেই এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

Sergei Shoigu

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু যুক্তরাজ্য প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে ফোনে কথা বলার সময় ইউক্রেন 'ডার্টি বোমা' ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি জানান, 'ডার্টি বোমা' ব্যবহারে কিয়েভের সম্ভাব্য উসকানি সম্পর্কে রাশিয়া উদ্বিগ্ন।

রোববার (২৩ অক্টোবর) শোইগু মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি এ যুদ্ধে কিয়েভ 'ডার্টি বোমা' ব্যবহার করতে পারে বলে মস্কোর শঙ্কার কথা প্রকাশ করেন। তবে তিনি রাশিয়ার এমন দাবির সমর্থনে কোনো প্রমাণ দেননি।