ফেভারিটদের চ্যালেঞ্জ জানাতে পারবে কি আফগান-আইরিশরা!

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে (এমসিজি) বিশ্বকাপের শুরুটাই চরম নাটকীয়তা দিয়ে। শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। আসরের সবচেয়ে বড় স্টেডিয়ামে আজ দুটি ম্যাচ। প্রথম ম্যাচে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ও দ্বিতীয় ম্যাচে লড়বে নিউজিল্যান্ড-আফগানিস্তান। ফেভারিটদের চ্যালেঞ্জ জানাতে পারবে তো  আফগান-আইরিশরা।

দুই দলেরই অবশ্য সুপার টুয়েলভের শুরুটা হয়েছে হার। শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটে হারের ম্যাচে কোনো পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। টি-২০ তে এর আগে একবারই ইংল্যান্ডের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাদের। বৃষ্টির কারণে সেই ম্যাচে কোনো ফল হয়নি। বিশ্ব আসরে আইরিশ রূপকথা নতুন কিছু নয়। এবারই তো ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে উঠেছে তারা। ইংল্যান্ডের বিপক্ষেও কি চমক সাজিয়ে রেখেছে? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আইরিশ হেড কোচ হেইনরিখ মালান বলেন, ‘দেখুন আমাদের জন্য এটা দারুণ চ্যালেঞ্জের এবং আমরা সত্যিই রোমাঞ্চিত। সকালে একটা স্ট্যাট দেখলাম, সাদা বলের ক্রিকেটে আমরা ইংল্যান্ডের বিপক্ষে লম্বা সময় ধরে খেলিনি। তাই দারুণ এক চ্যালেঞ্জ হবে।’

প্রথম ম্যাচে আফগানদের ৫ উইকেটে হারালেও বেশ ঘাম ঝরাতে হয়েছে ইংল্যান্ডকে। তাই আয়ারল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কোনো চেষ্টাই করছে না তারা। তার ওপর আইরিশদের সামনে পেলেই ২০১১ ওয়ানডে বিশ্বকাপের সেই অঘটন মনে পড়ার কথা। সব কিছু ভেবে অধিনায়ক জস বাটলার বলেন, ‘না একদমই (হালকাভাবে নিচ্ছি) না। প্রতিপক্ষকে হালকাভাবে নিলে বা শ্রদ্ধা না করলে তখনই বিপদ আসতে পারে। বিশেষ করে টি-২০ ক্রিকেটে আমি তা মনে করি। এটাই একমাত্র ফরম্যাট যেখানে প্লেয়িং ফিল্ড সবার জন্য সমান থাকে।’

ইংলিশদের মতো নিউজিল্যান্ডও সতর্ক দেখছে। গত বিশ্বকাপে আফগানদের বিপক্ষে প্রথম দেখায় ৮ উইকেটের সহজ জয় পেয়েছিল। তবুও নবি-রশিদদের সক্ষমতা সম্পর্কে বেশ ভালোই জানা কিউইদের। ট্রেন্ট বোল্ট বলেন, ‘আমরা তাদের নিয়ে পরিকল্পনা করছি এই মুহূর্তে এবং তৈরি হচ্ছি একটি মানসম্পন্ন দলের বিপক্ষে খেলার। তারা খুবই অভিজ্ঞ খেলোয়াড়। অবশ্যই তারা এমন কোনো প্রতিপক্ষ নয় যাদের আমরা হালকাভাবে নিব। তাদের এমন খেলোয়াড় যারা কিনা বড় ছক্কা হাঁকাতে পারে এবং তাদের বোলিং অ্যাটাক খুবই ভালো।’

মেলবোর্নে একই উইকেটে দুটো ম্যাচ হবে। যেহেতু পরের ম্যাচ তাই আগে ব্যাট করলে ১৫০ রানই জেতার জন্য যথেষ্ট মনে করছেন মোহাম্মদ নবি। আফগান অধিনায়কের ভাষ্যে, ‘সবাই জানে যদি আমরা ১৫০ রান করি, তাহলে ম্যাচটা পুরোপুরি ভিন্ন হবে। আমাদের টিমও জানে যদি আমরা সেই রান করি তাহলে বোলিং দিয়ে আমরা তা ডিফেন্ড করতে পারব।’

আজকের খেলা

  • ইংল্যান্ড-আয়ারল্যান্ড, সকাল ১০টা, মেলবোর্ন
  • আফগানিস্তান-নিউজিল্যান্ড, দুপুর ২টা, মেলবোর্ন