ইংলিশদের চেপে ধরেছে আয়ারল্যান্ড

নিজেদের প্রথম ম্যাচেও দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পর ব্যাটিংইয়ে ধুকতে হয়েছিলো ইংল্যান্ডের। আজ দ্বিতীয় ম্যাচেও চিত্রটি যেন একই। ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে আইরিশ বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। 

এর আগে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ইংলিশ অধিনায়ক জস বাটলার। অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির ফিফটিতে ইংল্যান্ডকে ১৫৮ রানের টার্গেট দেয় আইরিশরা।

চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানেই আউট ইংলিশ অধিনায়ক জস বাটলার। জশুয় লিটলের বল ব্যাটের কানায় লেগে আশ্রয় নেয় আইরিশ উইকেটরক্ষক লোরকান টাকারের গ্লাভসে। 

ইংলিশদের ইনিংসে প্রথম বাউন্ডারি আসে তৃতীয় ওভারের প্রথম বলে অ্যালেক্স হেলসের ব্যাট থেকে। তবে বাউন্ডারি মারার এক বল পরেই ইংলিশদের বিপদ বাড়িয়ে সাজঘরে ফেরেন হেলসও। লিটলের ওভারের চতুর্থ বলে শর্ট ফাইন লেগে হেলসের ক্যাচ নেন  মার্ক অ্যাডাইর। 

পাওয়ার প্লে'র শেষ ওভারে এসে বেন স্টোকসকে ফিরিয়ে ইংলিশদের ইনিংসে তৃতীয় ধাক্কা দেন আইরিশ পেসার ফিওন হ্যান্ড। ৮ বলে ৬ রান করা স্টোকসের ব্যাট-প্যাডের ফাক গলে স্ট্যাম্প ভাঙ্গেন হ্যান্ড। ২৯ রানেই তিন উইকেট হারিয়ে তখন ধুকছে ইংল্যান্ড। পাওয়ার প্লে'র ছয় ওভার শেষে ইংলিশদের সংগ্রহ দাড়ায় ৩ উইকেটে ৩৭ রান।

শুরু এই ধাক্কা সামলে ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন হ্যারি ব্রুক আর ডেভিড মালান। দুজন মিলে দ্রুত উইকেটের পতন ঠেকিয়ে ধীরে ধীরে এগিয়ে নিক্তে থাকেন ইংলিশদের ইনিংস। তবে ধীরগতিতে রান তোলায় ক্রমেই বাড়তে থাকে আস্কিং রানরেট। 

১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৬৩ রান। ২৬ বলে ২৩ রান করে উইকেটে আছেন মালান, আর ১৯ বলে ১৭ রান করে তার সঙ্গী হিসেবে আছেন ব্রুক।