নিজ শরীরে ইতুর চিত্রাঙ্কন

শিল্পীর শিল্প যদি শৈল্পিক মানুষের মনে আনন্দ দিতে পারে তবে সেটা শিল্পীর সার্থকতা আর সামনে এগিয়ে চলায় সমৃদ্ধি বয়ে আনবে নিঃসন্দেহে। 

আমরা সচরাচর দেখে থাকি কাগজ কিংবা কাপড়ে শিল্পী তার শৈল্পিক গুণ তুলে ধরছে রঙ তুলির আচরে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তৃতীয় বর্ষের শিক্ষার্থী সারিয়া আবিদিন ইতু একটু ব্যতিক্রম। নিজের মুখমণ্ডল ও শরীরে নিজ হাতে নানান চিত্রাঙ্কন করেন তিনি। জানালেন আর্ট এখন নেশা হলেও পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা আছে তার। 

করোনার অবসর সময়টাতে শুরু হয়েছিল তার এই কর্মযজ্ঞ। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়। নিজে থেকেই শিখে বিভিন্ন রঙের সংমিশ্রণে স্ব শরীরে ফুটিয়ে তোলেন নানান চিত্র। তার এমন কাজে সমাজের প্রচলিত নিয়মের দিক দিয়ে প্রতিবন্ধকতা থাকলেও পরিবারের দিক থেকে কোনো বাধা ছিল না।  

ইতু জানালেন, ছোটবেলা থেকেই কাগজে আঁকাআঁকি করতাম, তাই ভালবাসাটা কখন থেকে ঠিক বলতে পারবো না। তবে ভালবাসার থেকে বেশি শান্তিটা আসে এতটুকু বলতে পারবো। ভবিষ্যতে এটাকে একটা ভালো পেশা হিসেবে দাঁড় করানোর ইচ্ছেও আছে।