চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সঠিক ম্যানেজমেন্ট করতে হলে আইনের বিকল্প নেই। সর্বপ্রথমে প্রয়োজন সরকার ও রাজনৈতিক মহলের সদিচ্ছা। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২- এর প্রতিপাদ্য ছিল, আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি। সরকার দিবসটি ঘিরে এবারের এই প্রতিপাদ্য নির্বাচনের মধ্য দিয়ে আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের উপর জোর দিয়েছে বলে আমরা মনে করি।
সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্যে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় ও শাখাগুলোর মাসব্যাপী এবং চট্টগ্রাম মহানগরী কমিটির উদ্যোগে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সহযোগিতায় তিন মাস ধরে তিন শতাধিক স্কুলের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক সমাবেশ কর্মসূচির সমাপনি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, সড়কে চলাচলে চালক, মালিক, যাত্রী, পথচারী সবাইকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। কারণ সড়কের ব্যবস্থাপনা সম্পর্কে জানার প্রক্রিয়া, নির্দেশনা ও করণীয় কি, তা সঠিকভাবে তুলে ধরা না গেলে সড়ক দুর্ঘটনার লাগাম টেনে ধরা সম্ভব নয়।
তিনি বলেন, স্মারকলিপির মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী কাছে তুলে ধরেছি যে, জাতিসংঘ ঘোষিত সড়ক দুর্ঘটনা রোধের অন্যতম ৫টি পিলার যথাক্রমে, সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা, নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক, নিরাপদ সড়ক ব্যবহারকারী এবং সড়ক দুর্ঘটনার পরবর্তী করণীয়।
এগুলো বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে। সেই সাথে সড়ক দুর্ঘটনা রোধের জন্য ৫টি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেমন, গতি, হেলমেট, সিটবেল্ট, মদ্যপ অবস্থায় গাড়ি চালনা রোধ ও শিশু আসনের ওপর গুরুত্ব দেয়ার বিষয়গুলো কার্যকর পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়বের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী।