ইয়ান হিলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালান বোর্ডার, জেফ থমসন, মিশেল জনসন, ক্রেইগ ম্যাকডারমট এবং ম্যাথু হেইডেনের মতো নন্দিত ক্রিকেটারের জন্ম ব্রিজবেনে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী ব্রিজবেন প্রতিষ্ঠিত হয় ১৮২৪ সালে। ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ও অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের গভর্নর টমাস ব্রিজবেনের নামে প্রতিষ্ঠিত এই শহরটি মূলত গড়ে উঠেছিল ব্রিটিশ অপরাধীদের আটক রাখার জন্য। এখানে ব্রিজবেন নামে সুন্দর একটি নদী রয়েছে।
অস্ট্রেলিয়ার অন্যান্য শহরের চেয়ে ব্রিজবেনের আবহাওয়া বাংলাদেশের মতোই। কিন্তু মেলবোর্ন বা সিডনির মতো এখানে প্রচুর বাংলাদেশি থাকেন না। হাজার তিনেক বাংলাদেশির বসবাস এই শহরে। পর্যটকদের ভীষণ পছন্দের এক গন্তব্য ব্রিজবেন, যেখানে গোল্ডকোস্ট নামে একটি সমুদ্র সৈকত রয়েছে। ব্রিজবেন নদীর তীরে সাউথ ব্যাংকে সন্ধ্যায় জমজমাট আড্ডা হয়। মাউন্ট কুটা থেকে শহরের অনেকখানি দেখা যায়। মোরটন উপসাগরের তীরে ব্রিজবেন নদীর মোহনায় একটি সমুদ্র বন্দর রয়েছে। তবে নিয়মিত ড্রেজিংয়ের কারণে নদীর অনেক ভেতরে সমুদ্রগামী জাহাজ আসতে পারে।
ব্রিজবেনে ৪২ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, যার পোশাকি নাম ব্রিজবেন ক্রিকেট স্টেডিয়াম। একে ‘উলুনগাব্বা’ বা ‘গাব্বা’ নামেও ডাকা হয়। অস্ট্রেলিয়ায় প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচটি এই মাঠে হয়েছিল ২০০৬ সালে। এরপর গত ১৬ বছরে মাত্র ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে এখানে, যার পাঁচটিতেই জিতেছে হোম টিম। গাব্বার উইকেটে দ্রুতগতির বোলাররা দাপট দেখান। তবে লেগ স্পিনাররাও সমান সফল। এখানে ১১ টেস্টে ৬৮ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার স্মরণীয় পারফর্মেন্সের মধ্যে উল্লেখযোগ্য ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রানে ৮ উইকেট, পাকিস্তানের বিপক্ষে ২৩ রানে ৭ উইকেট। অফ স্পিনার ন্যাথান লায়ন এখানে ৪২ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। টি-টোয়েন্টিতে এখানে সফলতম বোলার এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। এই মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর ২০৯/৩, যা ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া করেছিল। সর্বনিম্ন স্কোর ১১৪, যা একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিল দক্ষিণ আফ্রিকা। এই মাঠে প্রথমে ব্যাট করা দলের গড় স্কোর ১৬৮। এখানে ৬৬ শতাংশ ম্যাচ জিতেছে প্রথমে ব্যাট করা দল ।
বাংলাদেশ দল এই প্রথম বার ব্রিজবেন খেলেছে। সম্প্রতি তাদের জন্য সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিজবেন (বিএবি)। বিএবি সভাপতি ইঞ্জিনিয়ার শেখ বাশার বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের একটু পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম। বিসিবি, বাংলাদেশ হাই কমিশনের অনুমতি এবং আইসিসির গাইডলাইন অনুসরণ করেই এটা করেছি। প্রবাসী বাংলাদেশিরা এ অনুষ্ঠান খুব উপভোগ করেছেন।