কিউইদের সামনে সেমির হাতছানি, চ্যালেঞ্জ জানাবে ইংল্যান্ড

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে আজ সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে নামছে গত আসরের রানার্স-আপ নিউজিল্যান্ড। আর তাদের আটকিয়ে সেমির পথে এক ধাপ এগিয়ে যেতে মাঠে নামবে ইংল্যান্ড।

ব্রিসবেনের দ্য গ্যাবায় বাংলাদেশ সময় আজ দুপুর ২টায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের হাই-ভোল্টেজ এই ম্যাচটি। নিউজিল্যান্ডের সামনে দুই ম্যাচের একটিতে জিতলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। তবে ইংল্যান্ডের আজ হারলে পরের ম্যাচে জিততে তো হবেই, তার সঙ্গে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্যান্য খেলার সমীকরণের দিকেও।
   
গ্রুপ-১'এর ৩ খেলায় ২ জয় ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ১ জয়, ১ হার আর ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে ইংল্যান্ড। 

স্বাগতিক ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়ে এবারের আসর শুরু করে নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয় কিউইদের। নিজেদের সবশেষ ম্যাচে লঙ্কানদের ৬৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখে কিউইরা।

অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের ম্যাচে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হেরে যায় ইংল্যান্ড। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও বৃষ্টির তোপে পড়ে ম্যাচই পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় ইংলিশদের।

আজ ইংলিশদের বিপক্ষে জিতলে ৭ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনালের টিকিট পাবে নিউজিল্যান্ড। আর আজ কিউইরা হেরে গেলে পয়েন্ট টেবিলের সমীকরণ হয়ে যাবে জমজমাট।

তবে এতো সমীকরণে না গিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে ইংলিশদের বিপক্ষেই জয় তুলে নিতে চায় ব্ল্যাক ক্যাপসরা। কিউই ব্যাটসম্যান গ্লেন ফিলিপস বলেন, ‘সেমিফাইনালে খেলতে হলে আর মাত্র ১টি জয় প্রয়োজন আমাদের। ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। আগের ম্যাচে ব্যাটাররা ভালো করতে পারেনি। এ ম্যাচে ব্যাটাররা ভালো করবে বলেই আশা করছি।’

অন্যদিকে, সেমির আশা ধরে রাখতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ইংল্যান্ড। ইংলিশ পেসার ক্রিস ওকস বলেন, ‘সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকতে, এ ম্যাচে  জিততেই হবে আমাদের। হেরে গেলে পরের রাউন্ডে বড় পরীক্ষায় পড়তে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা ক্রিকেট দিয়ে জয় তুলে নেওয়াই এখন আমাদের একমাত্র লক্ষ্য। নিউজিল্যান্ড শক্তিশালী দল। এখন পর্যন্ত দারুন ক্রিকেট খেলেছে তারা। নিউজিল্যান্ডকে হারাতে হলে তিন বিভাগেই আক্রমনাত্মক ক্রিকেট খেলতে হবে আমাদের।’