ফিরে এসে কিছুই বলতে পারছে না দুই বন্ধু

১১ দিনেও খোঁজ মেলেনি মিরসরাইয়ে নিখোঁজ শিক্ষার্থী শরিফ উদ্দিনের

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ বছরের এক শিক্ষার্থীর ১১ দিনেও খোঁজ মেলেনি। গত ২৩ অক্টোবর সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরেনি।  

নিখোঁজ মো. শরিফ উদ্দিন উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও মিরসরাই সদর ইউনিয়নের আবু নগর গ্রামের মৃত মো. আলা উদ্দিনের ছেলে।

এই ঘটনায় ১ নভেম্বর নিখোঁজ শরিফের বড় ভাই তাজ উদ্দিন মিরসরাই থানায় একটি জিডি করেন। 

তিনি বলেন, আমার ছোট ভাই গত ২৩ তারিখ থেকে নিখোঁজ রয়েছে। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। ফয়সাল ও আরমান তার দুই সহপাঠি একসাথে নিখোঁজ হলেও তারা কয়েকদিন পর বাড়ি ফিরে এসেছে। কিন্তু আমার ছোট ভাই বাড়ি ফেরেনি।

ফয়সালের নানা হাফিজ আহম্মদ বলেন, নিখোঁজের সাত দিন পর গত ২৯ অক্টোবর রাতে জামালের দোকান এলাকায় ফয়সালকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। শরীর দুর্বল ফয়সাল শুধু এটুকু আমাদের বলেছে যে গত ২৩ অক্টোবর স্কুলে না গিয়ে শরিফের সঙ্গে আরমানসহ তারা একটি প্রাইভেটকার গাড়িতে করে বারইয়ারহাট যায়। গাড়িতে উঠার পর সে অজ্ঞান হয়ে যায়। এরপর আর কিছু মনে নেই।

মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী মো. ফয়সাল, শরিফ উদ্দিনের পরিবার থানায় আলাদা দু’টি জিডি করেছেন। এর মধ্যে ফয়সাল ফিরে এলেও শরিফ উদ্দিন এখনো নিখোঁজ। ফিরে আসার পর ফয়সাল কিছু বলতেছে না। কারা নিয়ে গিয়েছিলো, কোথায় ছিলো এসব কিছু তার মনে নেই বলে জানিয়েছে। পুরো বিষয়টি আমরা তদন্ত করতেছি।