আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পিরোজপুরে বিএনপির নেতাকর্মীদের হুমকিধমকি ও বাধা প্রদানের প্রতিবাদে এবং প্রশাসনের নিরপেক্ষ দায়িত্ব পালনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা বিএনপির নেতারা। গতকাল বুধবার জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, সদস্য শেখ শহিদুল্লাহ শহিদ প্রমুখ।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পিরোজপুরের সব উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ বাধা দিচ্ছে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বরিশালে না যাওয়ার জন্য হুমকিধমকিসহ পুলিশ হয়রানি করছে। বেশ কয়েকটি জায়গায় নেতাকর্মীদের লাঞ্ছিত করা ও হামলার ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, আমরা সকল বাধা-বিপত্তিকে অতিক্রম করে পিরোজপুর জেলা থেকে ১৫ হাজারের বেশি লোক নিয়ে বিভাগীয় সমাবেশে উপস্থিত হতে চাই। এ সময় পথে নেতাকর্মীদের বাধা দিয়ে বিশৃঙ্খলা না করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুরোধ জানান জেলা বিএনপির আহ্বায়ক।