বাংলাদেশের বিপক্ষে নামার আগেই সুখবরটি পেয়ে থাকার কথা সুরিয়াকুমার ইয়াদভের। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে হটিয়ে টি-২০ ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন এই ভারতীয় ব্যাটসম্যান।
গত বছরের মার্চে অভিষেকের পর থেকেই টি-২০তে ব্যাট হাতে দ্যুতি ছড়াচ্ছেন সুরিয়াকুমার। অনেকেই তাকে বর্তমানে ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যান বলে থাকেন। মাঠের চার দিকে শট খেলার ক্ষমতা আছে তার। চলতি বছরে একটি সেঞ্চুরি সহ আটটি ফিফটি করেন তিনি। এর মধ্যে টি-২০ বিশ্বকাপেই দুটি। সুরিয়াকুমার ছাড়াও র্যাংকিংয়ে উন্নতি হয়েছে রাইলি রুশো ও গ্লেন ফিলিপসের। দুজনই সেঞ্চুরি হাঁকান এবারের বিশ্বকাপে। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির কারণে ১৭ ধাপ এগিয়ে আটে চলে এসেছেন রুশো। তারই এক ধাপ উপরে ফিলিপসের নাম। চাপের মুখে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরির রচনা করেন এই কিউই ব্যাটসম্যান।
বোলিং র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন ভানিন্দু হাসারাঙ্গা। শীর্ষে থাকা রশিদ খানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এই লঙ্কান সিপনার। পাঁচ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নেন ইংলিশ পেসার স্যাম কারান। ছয়ে আছেন তিনি। অন্যদিকে অলরাউন্ডার র্যাংকিংয়ে যথারিতি আগের মতোই শীর্ষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।