সাউদির পাশে সাকিব

মুকুটটা ছিল সাকিব আল হাসানের কাছেই। কিন্তু চলতি টি-২০ বিশ্বকাপে সেটা ছিনিয়ে নেন নিউজিল্যান্ডের টিম সাউদি। তাই দুজনের মধ্যে যে ইঁদুর-বিড়াল খেলা চলবে সেটা অনুমিতই ছিল। ভারতের বিপক্ষে গতকাল ৩৩ রানে ২ উইকেট নিয়ে  আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাউদির পাশে চলে এলেন সাকিব। ১২৭ উইকেট নিয়ে দুজনেই আছেন শীর্ষে।

গতকাল ব্রিজবেনে লোকেশ রাহুলকে প্রথম শিকারে পরিণত করেন সাকিব। বিগ হিট করতে গিয়ে ব্যাটের কোনায় লাগায় মুস্তাফিজুর রহমানের হাতে ধরা দেন রাহুল। নিজের তৃতীয় ওভারে সুরিয়াকুমার ইয়াদভকে বোল্ড করেন সাকিব।  ভারতের বিপক্ষে না হলেও পাকিস্তানের বিপক্ষে এককভাবে শীর্ষস্থান দখল নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশ অধিনায়কের। তবে এর আগে সুযোগ আছে সাউদিরও। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে এক উইকেট নিলেই সাকিবকে টপকে যাবেন কিউই পেসার।

সাকিব-সাউদির পর তালিকায় ১২১ উইকেট নিয়ে দুইয়ে আছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ১০০ উইকেটের ক্লাবে বাকি বোলাররা হলেন  লাসিথ মালিঙ্গা ও ইশ সোধি। দুজনেরই শিকার ১০৭ উইকেট।