জিতলে আশা থাকবে সেমিফাইনালে যাওয়ার, হারলেই বাদ টুর্নামেন্ট থেকে। এমন সমীকরণ সামনে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। এশিয়ার পরাশক্তিদের সামনে যেখানে বাঁচা-মরার ভাবনা, দক্ষিণ আফ্রিকা সেখানে আছে বেশ ফুরফুরে মেজাজে। আজকের ম্যাচ জিতলেই তারা চলে যাবে সেমিফাইনালে, হারলেও সুযোগ থাকবে শেষ ম্যাচে নেদারল্যান্ডকে হারিয়ে সেমিতে ওঠার।
টুর্নামেন্টে নিজেদের টিকে থাকার লড়াইয়ে টস ভাগ্য সঙ্গ দিলো পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকেই। টস জিতে প্রতিপক্ষ প্রোটিয়াদের আমন্ত্রণ জানালেন ফিল্ডিংয়ের।
টস জিতে ব্যাটিং নেওয়া প্রসঙ্গে বাবর বলেন, নিজেরা আগে ব্যাট করে বড় রান তুলে প্রোটিয়াদের চাপে ফেলতে চান বলেই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া।
টস জিতলে ব্যাটিং করতেন জানিয়ে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘এখানে (সিডনি) উইকেটটা শুকনো মনে হচ্ছে। কিছু কিছু জায়গায় সবুজও দেখাচ্ছে। আগে ব্যাট করলে এখানে সুবিধা পাওয়া যাবে বলেই মনে হচ্ছে।
দুই দলই আজ মাঠে নামছে একটি করে পরিবর্তন নিয়ে। ডেভিড মিলারকে বিশ্রাম দেওয়ায় আজ প্রোটিয়া একাদশে ঢুকেছেন হেনরিখ ক্লাসেন। অন্যদিকে, ফখর জামানের ইঞ্জুরির কারণে আজ পাকিস্তান একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হারিস।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাইলি রুশো, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, এনরিখ নর্টজে, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি।