বাংলাদেশ-নেপালের যৌথ অভিযানে ডোলমা খাং শিখর জয়

বাংলাদেশ ও নেপালের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২ নভেম্বর  বুধবার নেপালের স্থানীয় সময় সকাল ৯টায় হিমালয়ের ২০ হাজার ৭৭৪ ফুট উচুঁ পর্বত শিখর ডোলমা খাং আরোহণ করেছেন বাংলাদেশের চার এবং নেপালের দুই পর্বতারোহী।

ডোলমা খাং পর্বত শিখরটি নেপালের রোল ওয়ালিং উপত্যকার গৌরিশঙ্কর হিমালয় রেঞ্জে অবস্থিত। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন দুবাইরের এভারেস্ট আরোহী এম এ মুহিত। আরো ছিলেন কাজী বাহালুল মজনু বিপ্লব, ইকরামুল হাসান শাকিল এবং রিয়াসাদ সানভী। নেপাল দলে ছিলেন কিলু পেম্বা শেরপা এবং নিমা নুরু শেরপা। ডোলমা খাং পর্বতে এটি বাংলাদেশের প্রথম অভিযান এবং সফল আরোহণ। 

টেলিফোনে বাংলাদেশ দলের দলনেতা এম এ মুহিত জানান, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রথমে দোগারি হিমাল নামের একটি অবিজিত শিখরে অভিযানের উদ্দেশ্যে আমরা ৭ অক্টোবর কাঠমান্ডু পৌঁছাই। আমারা ট্রেকিং শুরু করার পর দফায় দফায় তুষারপাত শুরু হয়। সার্বিক বিষয় নিয়ে নেপাল দলের নেতা কিলু পেম্বা শেরপার সঙ্গে কয়েক বার আলোচনা করে আমরা দোগারি হিমাল অভিযান পরিত্যাক্ত ঘোষণা করি। ২৮ অক্টোবর সিমিগাওয়ের উদ্দেশ্যে আবার অভিযান শুরু করি।

এম এ মুহিত জানান, প্রথম বাংলাদেশি দল হিসেবে অভিযান এবং আরোহণের সাফল্যে আমরা আনন্দিত। অভিযানটি যৌথভাবে আয়োজন করে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব ও ইমাজিন নেপাল।  পৃষ্টপোষকতা করেছে  ইস্পাহানী টি  লি. , স্কয়ার টয়লেট্রিজ লি. ও ফার্ষ্ট সিকিওরিটি ইসলামী  ব্যাংক লি.।