একাদশে ফিরছেন সৌম্য, প্রথমবার নাসুম-এবাদত

কিছুক্ষণ আগ পর্যন্তও বাংলাদেশ-পাকিস্তানের সেমিতে ওঠার সম্ভাবনা ছিলো শুধু কাগজে কলমে। তবে ডাচদের কাছে প্রোটিয়াদের হারে সেই পথ এখন দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে যেই দল জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে।

অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টায় অঘোষিত এই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। রানরেটের মারপ্যাচ কাটানোর চাপ নেই দুই দলের কারোরই। সেমিতে যেতে হলে এখন শুধু একটাই লক্ষ্য, এই ম্যাচে জয় চাইই চাই।

বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলই এখন পর্যন্ত দুইটি করে জয়ে জয়ে তুলেছে ৪ পয়েন্ট। আজ যে জিতবে কোন হিসাব-নিকাশ ছাড়াই সেমিফাইনালে মেই গ্রুপ থেকে ভারতের সঙ্গী হবে তারা।

জয়ের লক্ষ্য নিয়েই এই ম্যাচে তিন পরিবর্তনে মাঠে নামছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম, ইয়াসির রাব্বি আর হাসান মাহমুদ। আজ আবার একাদশে ফিরছেন সৌম্য সরকার। আর এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামবেন স্পিনার নাসুম আহমেদ আর পেসার এবাদত হোসেন।

পাকিস্তানের একাদশে আজ কোনো পরিবর্তন নেই, আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।