লিটন ফিরলেও শান্ত-সৌম্যতে স্বপ্ন দেখছে বাংলাদেশ

জিতলেই সেমিফাইনাল, এমন সমীকরণ আর জয়ের স্বপ্ন নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে  নেমেছে বাংলাদেশ।  টস জিতে আগে ব্যাটিং নিয়ে পাওয়ার প্লে'তে পাকিস্তানি বোলারদের বেশ ভালোভাবেই মোকাবেলা করেছে বাংলাদেশ।

দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে গেছে, তাতেই সেমিতে ওঠার পথ সহজ হয়ে গেছে বাংলাদেশের জন্য। পাকিস্তানকে হারাতে পারলেই বিশ্বকাপের শেষ চারের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের। 

অ্যাডিলেড ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে আজ তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সৌম্য সরকার ফিরলেও আজ নাজমুল হোসেন শান্তর সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন লিটন দাসই।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলো বাংলাদেশ। প্রথম দুই ওভারে দেখেশুনে খেলার পাশাপাশি দুই বাউন্ডারিতে ১৩ রান তুলে ফেলে শান্ত-লিটন। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই শাহিন শাহ আফ্রিদিকে উড়িয়ে বাউন্ডারি ছাড়া করেন লিটন। তবে বিপদটা আসে তিন বল পরেই। ওভারের পঞ্চম বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে শান মাসুদের হাতে ধরা পড়েন লিটন। সাজঘরে ফেরার আগে লিটন করেন ৮ বলে ১০ রান।

পরের ওভারের প্রথম বলেই শান্তর ক্যাচ ফেলেন শাদাব খান। এরপরই অবশ্য সৌম্য-শান্ত মিলে চড়াও হয়েছেন মোহাম্মদ ওয়াসিমের ওপরে। শান্তর বাউন্ডারি আর সৌম্যর ওভার বাউন্ডারিতে এই ওভার থেকে আসে ১৩ রান।

পাওয়ার প্লে'র শেষ দুই ওভার দেখেশুনেই কাঁটিয়ে দেয় দুই টাইগার ব্যাটার মিলে। ৬ ওভার শেষে বাংলাদেশের সগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪০ রান। শান্ত ব্যাট করছেন ২০ বলে ২১ রান নিয়ে, ৮ বলে ৮ রান নিয়ে সঙ্গে আছেন সৌম্য সরকার।