সেনানিবাসসমূহে ডেঙ্গু নির্মূল অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান

ঢাকা সেনানিবাসে রোববার (০৬ নভেম্বর) ডেঙ্গু নির্মূল অভিযানের শুভ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধানের পত্নী নুরজাহান আহমেদ। 

সেনাবাহিনী প্রধান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সচেতনতার অভাবেই আশঙ্কাজনক হারে ডেঙ্গুর  প্রকোপ এবং মৃত্যু ঝুঁকি বাড়ছে। তিনি ঢাকাসহ সব সেনানিবাসে ডেঙ্গু নির্মূলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন। সকলকে নিজ নিজ প্রতিষ্ঠান, বাসস্থান/আবাসিক এলাকা এবং দায়িত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার ও গতিশীল করতে অনুপ্রাণিত করেন।

ISPR2

পরবর্তীতে সেনাবাহিনী প্রধান সস্ত্রীক ডেঙ্গু মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ও মশক নিধনকারী বিভিন্ন কীটনাশক এবং যন্ত্রপাতি প্রদর্শনী শীর্ষক দুইটি স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সেনাবাহিনীর প্রধান উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে ডেঙ্গু সচেতনতামূলক আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ করেন। উক্ত র‍্যালিতে সেনাবাহিনীর কর্মকর্তাগণ সস্ত্রীক, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ, বেসামরিক কর্মকর্তা/কর্মচারি, বিভিন্ন স্কুল এবং কলেজ হতে আগত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ প্রায় ৪০০০ জন অংশগ্রহণ করেন।

ডেঙ্গু নির্মূল অভিযানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সস্ত্রীক উপস্থিত ছিলেন।