গানবাংলা টেলিভিশনের প্রাণপুরুষ কৌশিক হোসেন তাপস গানেরই মানুষ। গান তার ধ্যান জ্ঞান, গান তার প্রাণ। তাই গানবাংলা টেলিভিশনের পথ চলা শুরু থেকেই গানকে কেন্দ্র করে।
কেবলমাত্র গানকে নিয়ে একটি টেলিভিশন চ্যানেল চালানো যেতে পারে এই দুঃসাহসিক চ্যালেঞ্জ তাপসের পক্ষেই নেয়া সম্ভব ছিল। এই চ্যালেঞ্জে বিজয়ী হয়ে বাংলাদেশের সংগীতপ্রেমী শ্রোতা ও দর্শকের হূদয়ে সে নিজের জায়গাটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে।
বলতে দ্বিধা নেই, সংগীত চ্যানেল হিসেবে গানবাংলা এবং তাপস নিজস্ব বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যে অন্যতম জনপ্রিয় চ্যানেল হিসেবে শ্রোতা দর্শকের কাছে স্বীকৃত। তার বিশ্বমানের সক্ষমতা ও রুচিবোধ তাকে বিশ্বের বহু দেশের শ্রোতা-দর্শকের কাছেও জনপ্রিয় করে তুলেছে।
নতুন নতুন ভাবনা নিয়ে সম্পূর্ণ নতুন ধরণের একটি চ্যানেল চালিয়ে যাবার পথ খুব মসৃণ হবার কথা নয়। তাপসকে কৃতিত্ব দিতে হয় তার এই সাহসিকতার জন্য। সেই সাথে তার অর্ধাঙ্গিনী মুন্নিকেও, যে সকল কাজে তাপসের সহযাত্রী হয়ে প্রায় সকল প্রযোজনায় তার সুশিক্ষিত সৌন্দর্যবোধের প্রতিফলন রেখেছে।
সংগীত মূলত শ্রবণশিল্প। যদিও আধুনিক শিল্পবোধে সংগীতকে অনেকটাই দর্শনশিল্প করে উপস্থাপনের প্রয়াস লক্ষণীয়। সংগীতের রসগ্রহণ প্রক্রিয়া যেটা মুলত শ্রবণেন্দ্রিয় নির্ভর। তাপসকে ধন্যবাদ দিতে চাই এই বিশেষ কারণেও। যেহেতু যে সংগীত রচয়িতা শিল্পী এবং একই সাথে সংগীত পরিচালক ও সংগীতায়োজক, তাই তার উইন্ড অব চেঞ্জ অনুষ্ঠানে শ্রবণ এবং দর্শনের এক অসাধারণ সমন্বয় লক্ষ করি।
বাংলার নিজস্ব সংগীত ধারাকে সম্পূর্ণ নিজস্বতা বজায় রেখেও একেবারেই আধুনিক রূপে তৈরি ও উপস্থাপন করেছে তাপস।
পাশ্চাত্য ও প্রাচ্যের, কখনো আমাদের দেশীয় যন্ত্রের অপূর্ব সমন্বয়, প্রচলিত গীত রীতির কোন ব্যত্যয় না ঘটিয়ে এবং মূল শিল্পীদের ব্যবহার করে সংগীতক্ষেত্রে এক অসাধারণ সাংগীতিক ও নান্দনিক বিপ্লব ঘটিয়েছে তাপস, যা বাংলাদেশের সংগীতাঙ্গনে এক অনুকরণীয় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। উইন্ড অব চেঞ্জ-এর সবচেয়ে বড় বিশিষ্টতা হল কোন গানেরই মূল রূপ, সুর এবং চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তিত হয়নি। আধুনিক সংগীতায়োজনে সবাই চমক দেখতে চায়। তাতে যদি গানের চরিত্র সুর বদল হয়েও যায় সে ব্যাপারে সংশ্লিষ্টরা মোটেই সচেতন নন। কিন্তু তাপস সেই পথে চলেনি।
তাপসের শিল্পরুচি, দক্ষতা, অভিজ্ঞতা ও পরিপক্কতা সেখানেই। যন্ত্রানুষঙ্গ ব্যবহারে তার সংযম ও পরিমিতি বোধ, শিল্পীদের কাছ থেকে শ্রেষ্ঠ কাজটি তুলে আনায় তার অভিজ্ঞতা প্রতিটি গানকে নিয়ে গেছে রসবোধের উচ্চতর স্তরে। চুড়ান্ত নান্দনিক উপলব্ধিতে। তাপসের জয় হোক, তার সুস্বাস্থ্য কামনা করি। কৌশিক হোসেন তাপসের জন্মদিনে তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা।
লেখক: দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী।