বিএনপি নেতা কামালের শরীরে ২৩টি আঘাতের চিহ্ন পাওয়া যায় 

সন্ত্রাসীদের হাতে নিহত বিএনপি নেতা আ ফ ম কামালের শরীরে ২৩টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কামালের ময়নাতদন্তকারী চিকিৎসক ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্ত ক্ষরণেই মারা গেছেন আফম কামাল। তার শরীরের বাম পাশেই সব আঘাতের চিহ্ন। বাম হাত, বুকের বাম পাশ, বামপাশের কাঁধের নিচ, পায়ের উরুতে এসব আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে বিএনপি নেতা আ ফ ম কামালের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্তের পর তার ভাই ময়নুল হক লাশ গ্রহণ করে জালালাবাদ ইউনিয়ন আলীনগর গ্রামের বাড়িতে নিয়ে যান। সোমবার বাদ এশা নামাজে জানাজাশেষে গ্রামের বাড়িতেই তাকে দাফন করা হয়। 

রোববার সন্ধ্যায় নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় নির্মমভাবে খুন হন বিএনপি নেতা আ ফ ম কামাল। তার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর বিএনপির মঙ্গলবার সকাল থেকে তিনদিনের শোক কর্মসূচি পালন করছে।

এদিকে বিমানবন্দর থানার ওসি সনধ্যায় ইত্তেফাককে জানান, কামালের পক্ষে এখনো কেউ মামলা করেননি। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছেন।