কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের আশ্বাসে ১৬ বছরের এক বুদ্ধি-প্রতিবন্ধীকে ধর্ষণে অন্তঃসত্ত্বার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) করিমগঞ্জ উপজেলার নোওয়াপাড়া গ্রামে রড় বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর পর পরেই ওই যুবককে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার মো. রিয়াজ (১৮) নিকলী উপজেলার ভাটিবরাটিয়া গ্রামের মো. শাহিন মিয়ার ছেলে।
গত ৭ নভেম্বর মো. রিয়াজকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিকলী থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর বাবা।
মামলার অভিযোগ, ভাটিবরাটিয়া মাইজ পাড়া গ্রামের মো. রিয়াজ বিয়ের কথা বলে গত ১১ জুলাই ওই তরুণীকে নিজ ঘরে ধর্ষণ করেন।
ভুক্তভোগীর বাবা বলেন, মেয়ে অসুস্থ বোধ করলে গত ০৫ নভেম্বর কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দেখাইলে চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা করে আমার মেয়ে ১৬ সপ্তাহের অন্তঃসত্ত্বার বলে জানিয়েছে । এখন মামলা তুলে নেওয়ার জন্য রিয়াজের আত্মীয়-স্বজন বিভিন্ন হুমকি দিচ্ছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর আলী আরিফ বলেন,ওই বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার আসামি রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে।