সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যাকাণ্ডের প্রায় ৪৯ ঘণ্টা পর ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়। নিহতের ভাই মইনুল হক বাদী হয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে নগরের বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, মামলায় আসামি হিসেবে আজিজুর রহমান সম্রাটসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ জনকে আসামি করা হয়।
মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান আজবাহার।
গত রবিবার (০৬ নভেম্বর) রাত ৯ টার দিকে সিলেট নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নেতা আ ফ ম কামাল। ব্যবসায়িক বিরোধে কামাল খুন হতে পারেন বলে পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ জড়িত থাকার অভিযোগ করা হয়।