মাদরাসা শিক্ষা ব্যবস্থায় স্বতন্ত্র শিক্ষাক্রম ও যুগোপযোগী পাঠ্যপুস্তক প্রণয়নসহ সরকারের নিকট ১৩ দফা দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে বিশাল এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মওলানা শাহ মোহাম্মদ মহিউদ্দিন, মহানগর সভাপতি অধ্যক্ষ মওলানা মো. আবদুল মতিন, সাধারণ সম্পাদক মওলানা সফিকুল আমিন পাটোয়ারী, সহ সভাপতি মওলানা আবুল হোসাইন, সাংগঠনিক দম্পাদক মওলানা আনম মোখলেছুর রহমান।
বক্তারা বলেন, ৯১ ভাগ মুসলমান অধ্যুষিত এই বাংলাদেশে কুরআন-সুন্নাহ ও মুসলিম ঐতিহ্য-কৃষ্টি লালিত সংস্কৃতির সঙ্গে সমন্বয় করে একটি যুগোপযোগী শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক মাদরাসা শিক্ষা ব্যবস্থায় প্রণয়ন করা হবে। এটা দেশের আলেম ওলামাদের প্রত্যাশা ছিল। কিন্তু এনসিটিবি ঘোষণা দিয়েছে, ২০২৩ সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যবই স্কুল ও মাদরাসায় বাধ্যতামূলকভাবে পড়াতে হবে। অথচ এসব পাঠ্য বই মাদরাসা শিক্ষার জাতীয় লক্ষ্য, উদ্দেশ্য ও স্বতন্ত্র বৈষম্য উপেক্ষা করে রচিত হয়েছে।
তারা আরও বলেন, ষষ্ঠ শ্রেণির নয়টি বইয়ে মধ্যে কুরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, মুসলিম মনীষী, বিজ্ঞানী, কবি, সাহিত্যিকদের বাণী-উদ্ধৃতি, নীতি-নৈতিকতা সৃষ্টিকারী কোনো বিষয় স্থান পায়নি। যা মাদরাসা শিক্ষার অস্তিত্ব বিপন্ন করে তুলবে।
মানববন্ধন শেষে নেতারা কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।